ঢামেক হাসপাতালে আরও এক কারাবন্দির মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হাসান (৫৬) নামে আরও এক কারাবন্দির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারাসূত্র বলছে, নুরুল হাসান কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে গত ১৫ নভেম্বর কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(৩) ধারায় মোবাইল কোর্টের ১২৫/২৬ নম্বর মামলায় বন্দি ছিলেন তিনি। তার বাড়ি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে। বাবার নাম আবদুর রাজ্জাক।
এদিকে, গতকাল শনিবার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। এদের মধ্যে শাহ্ আলম (৪১) মারা যান সকাল ৭টা ১০ মিনিটে। জাহাঙ্গীর হোসেন (৫৭) মারা যান শনিবার রাত ১টার দিকে।




