চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মিঠু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী বলেন, মিঠু নামে ওই যুবক ট্রেনের ছাদে ছিলেন। সেখান থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
তিনি ট্রেন থেকে পড়ে গেছেন, নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে এসআই মো. আলী বলেন, ‘বিষয়টি তদন্তের পর বলা যাবে। তিনিও ছিনতাইকারী ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এসআইয়ের দাবি, ‘আশপাশের লোকজন থেকে জানা গেছে, ওই যুবক নেশা করতেন এবং ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’
মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই মো. আলী।




