আইইডিসিআরের পরিচালককে মারধরের ঘটনায় মামলা

ফাইল ছবি
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে মারধর ও হেনস্তার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাজী আহমেদ জাকী বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছেন বনানী থানার ওসি মো. সালাউদ্দিন।
ওসি বলেছেন, মামলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা জাহিদ হাসানসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গত বুধবার আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে ৮-৯ জন বহিরাগত প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে হেনস্তা ও মারধর করেন। ঘটনার সময় পরিচালকের কক্ষে একটি সভা চলছিল। তাতে অন্যদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও যুক্তরাষ্ট্রের সিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঘটনার কিছু পর পরিচালক গণমাধ্যমকে বলেছিলেন, ড্যাবের লোকেরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার দিনই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক জাহিদ হাসানের প্রাথমিক সদস্য পদ স্থগিত করে চিঠি দিয়েছে ড্যাব। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে সংগঠনটি। এ চিঠির উত্তর দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ড্যাব।



