১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শেষ হচ্ছে আজ

আঞ্চলিক পর্যটন সংযোগ বাড়াতে ঢাকায় শুরু হয়েছিল ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হচ্ছে আজ শনিবার। আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি ও টেকসই পর্যটন উন্নয়নকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয় এই মেলা। এটি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজও সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য থাকছে উন্মুক্ত।
এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় রয়েছে ইন্টারন্যাশনাল হল, ডেস্টিনেশন বাংলাদেশ হল এবং ট্যুরিজম ইনভেস্টমেন্ট হল। বিশেষ করে তুলে ধরা হচ্ছে ট্যুরিজম ইনভেস্টমেন্ট হলে পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা, প্রকল্প ও অংশীদারত্বের সুযোগ।
মেলায় বিমান টিকিট, হোটেল বুকিং ও বিভিন্ন ট্যুর প্যাকেজে বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে। দেশীয় পর্যটনের বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি ঢাকা ডিনার ক্রুজসহ বিভিন্ন পর্যটন প্যাকেজও তুলে ধরা হচ্ছে দর্শনার্থীদের সামনে। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা। একটি টিকিটের মাধ্যমে তিনটি হল পরিদর্শন করতে পারছেন দর্শনার্থীরা।
তিন দিনের আয়োজনে বিটুবি সভা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, গন্তব্য বিপণন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন প্রচার, যৌথ ট্যুর প্যাকেজ, প্যানেল আলোচনা, সাংস্কৃতিক বিনিময় এবং বিভিন্ন সাইড ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, কো-স্পন্সর ছুটি গ্রুপ, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ইনভেস্টমেন্ট পার্টনার ভাইয়া হোটেলস এবং অ্যাগ্রো ট্যুরিজম পার্টনার সুখের খামার। ১৪তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২৩-২৫ সেপ্টেম্বর ২০২৭ ঢাকায় অনুষ্ঠিত হবে।



