সপ্তম বছরে পা রাখল স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল

সংগৃহীত ছবি
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। ছয় বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুর আহমেদ খোকন। উদ্বোধনী বক্তব্য দেন স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মো. ওমর ফারুক খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া (এমপি), মারদিয়া মুমতাজ (এমপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুস সালাম ব্রিটিশ শিক্ষাক্রমের সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয়কে উদ্ভাবনী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি এ ধরনের শিক্ষা উদ্যোগের প্রশংসা করেন।
অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে নুর আহমেদ খোকন ২০২০ সালে যাত্রা শুরু করা স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের ছয় বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার অবদানের কথা উল্লেখ করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মো. ওমর ফারুক খান বলেন, আধুনিক ইংরেজি মাধ্যমের শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাফেজ এ বি এম ইজবুল্লাহ, মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউএম) ফ্যাকাল্টি সদস্য ড. মুহাম্মদ মুহিউদ্দিন (মাহী), হিলফুল ফুজুল জামে মসজিদের খতিব মাওলানা এমদাদ উল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মুহাদ্দিস মাহমুদুল হাসান এবং ভিভিড গ্রুপের চেয়ারম্যান হাজী মো. আলী হোসেন মোল্লা। এ ছাড়া প্রতিষ্ঠানের উপদেষ্টা, স্কলার ফোরাম ও বোর্ডের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করেন। আন্তর্জাতিক মানের শিক্ষাক্রমের সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যোগ্য, মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



