মতবিনিময় সভায় সড়কমন্ত্রী
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটির জন্য চ্যালেঞ্জ

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম
রাজধানী ঢাকার সাড়ে তিন কোটি মানুষকে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা দেওয়া দুই সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলছিলেন, ‘রাজধানীর সার্বিক উন্নয়ন, নাগরিক স্বস্তি, সড়কে শৃঙ্খলা এবং পরিবেশের উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’ গতকাল সোমবার রাজধানীর গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে সিটি করপোরেশন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি।
শেখ রবিউল আলম বললেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত জনবল, দপ্তর ও বিদ্যমান সক্ষমতা দিয়ে বিপুলসংখ্যক নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করা কঠিন। এই বাস্তবতা উপলব্ধি করেই নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।’
নগরকে বাসযোগ্য, স্বস্তিদায়ক ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেছেন, শুধু সিটি করপোরেশনের ওপর সব দায়িত্ব ছেড়ে দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। নগরবাসী, রাজনৈতিক নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময়ে বিভিন্ন ওয়ার্ডের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেছেন, একেক ওয়ার্ডের সমস্যা একেক রকম। কোথাও সড়কের অবস্থা খারাপ। কোথাও চলাচলে প্রতিবন্ধকতা রয়েছে। আবার কোথাও নাগরিক শৃঙ্খলা ও পরিবেশের উন্নয়ন জরুরি।



