সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ করা সম্ভব

গ্রাফিকস: আগামীর সময়
সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, নতুন সরকার দায়িত্ব নিয়েছে ৯ মাস। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ নানা বৈশ্বিক অস্থিতিশীলতার মতো জটিল পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহি ও দায়বদ্ধতা।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডিমেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা বললেন, শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
তবে শ্রমঘন এলাকাগুলোয় বিচ্ছিন্নভাবে কাজ করে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বললেন, এর সঙ্গে শিক্ষাব্যবস্থা সরাসরি যুক্ত।



