ঢামেকে পৌনে ২ ঘণ্টায় ৩ কারাবন্দির মৃত্যু

সংগৃহীত ছবি
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তিন বন্দিকে আনা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে, কিন্তু তাদের কাউকে বাঁচানো যায়নি।
আজ রবিবার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে এই তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি বলেছেন, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মৃত বন্দিরা হলেন- আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) এবং মো. শাহাদত হোসেন লিটন (৫২)।
কেরানীগঞ্জ কারাগার থেকে আবুল বাশারকে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৭টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আবুল বাশার চাঁদপুরের কচুয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। কচুয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বন্দি ছিলেন তিনি।
একই দিন অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনা হয় বন্দি আব্দুল কাইয়ুমকে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৯টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
কাইয়ুম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলাই করা পদাবাজার গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
এর আগে গত ২৮ আগস্ট শাহাদত হোসেন লিটন নামে এক বন্দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৯টায় তিনি মারা যান।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলায় বন্দি ছিলেন লিটন। তিনি খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।



