কূটনীতিক ফেরদৌসি শাহরিয়ারের জীবনাবসান

ফেরদৌসি শাহরিয়ার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
বিসিএস ১৮তম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই কূটনীতিক মৃত্যুকালে স্বামী, তিন সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা আন্তরিক সমবেদনা জানান।






