৯৯৯ নম্বরে ফোনকলে বিদেশি পিস্তল, রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার এক

ছবি: কোলাজ
রাজধানীর কদমতলী থানা এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিদেশি পিস্তল, রিভলবার ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কদমতলীর শনির আখড়া নূরপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলির খবর পেয়ে কদমতলী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
এ সময় স্থানীয়দের সহায়তায় আসামিকে আটক করার পাশাপাশি একটি পিস্তল, একটি রিভলবার, নয় রাউন্ড তাজা গুলি ও ফায়ার করা তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মঞ্জুরুল ইসলাম (৪৪) শরীয়তপুরের নড়িয়া থানার ইছাপাশা গ্রামের মৃত শুক্কুর আলী বেপারীর ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করছেন। এই ঘটনায় কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কদমতলীর শনির আখড়া নূরপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে চার থেকে পাঁচজন সন্ত্রাসী মো. আসলাম খান (৩৮) নামের এক ব্যবসায়ীর ‘মেসার্স লাকি ক্রোকারিজ’ দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে আসলামের ডান চোয়াল ও বাম হাতের বাহু মারাত্মকভাবে জখম হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা এক সন্ত্রাসীকে আটকে ফেলে এবং রক্তাক্ত অবস্থায় আসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার মুহূর্তেই এলাকার এক বাসিন্দা ৯৯৯ নম্বরে কল করে দ্রুত পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল পিয়াস চন্দ্র পাল কলটি গ্রহণ করার পর পুলিশ ডিসপাচার এএসআই কাজল ভূঁইয়া কদমতলী থানার সঙ্গে দ্রুত সমন্বয় সাধন করেন। খবর পেয়ে কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র-গুলিসহ আসামিকে গ্রেপ্তার এবং আলামত জব্দ করেন।





