রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক দম্পতি

প্রতীকী ছবি
রাজধানীর শ্যামলী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী।
আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে ঘটে এ ঘটনা।
এ বিষয়ে সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে আজিমপুর থেকে একটি অটোরিকশায় কল্যাণপুর যাচ্ছিলেন।
তাদের বহনকারী অটোরিকশাটি শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ছিনতাই হওয়া ওই ব্যাগে ছিল নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলের কার্ড ও অন্যান্য মূল্যবান মালামাল।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।



