সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল মিল ‘ফান্ড সংগ্রহ’ কর্মসূচিতে ১৭ দেশের রাষ্ট্রদূত

ছবি: আগামীর সময়
বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী চ্যারিটি ফ্যাশন শো। ‘থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো’ শীর্ষক এ আয়োজনে বিশ্বশান্তি ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে ক্যাটওয়াকে অংশ নেন ১৭টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ‘থ্রাইভ বাংলাদেশ’-এর স্কুল মিল কর্মসূচিতে।
সম্প্রতি রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তার সহধর্মিণী ফিলিপা উডের বিশেষ নেতৃত্ব ও সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান, শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব এবং দাতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, সরকার দেশব্যাপী স্কুল মিল কর্মসূচি সম্প্রসারণে কাজ করছে। ‘থ্রাইভ বাংলাদেশ’-এর মতো উদ্যোগ শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুধার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত হতে পারে না।
থ্রাইভ বাংলাদেশের চেয়ার আমনা রহমান বলেছেন, কূটনীতিকদের এই অংশগ্রহণ শুধু একটি ফ্যাশন শো নয়। প্রতিটি টিকিট ও অনুদানের অর্থ সরাসরি শিশুদের পাতে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সহায়তা করবে।
সংস্থাটির ডেপুটি চেয়ার কানওয়াল বকশি ভগত ও সাদিয়া মঈন জানালেন, প্রতিদিন পুষ্টিকর খাবার সরবরাহের ফলে শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা কমছে। পাশাপাশি তাদের স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে।
প্রিসিলা পেরি হেফেলফিঙ্গার, জিনা গ্যাবেল ও রেজিনা ল্যান্ডর ২০১২ সালে অলাভজনক সংস্থা ‘থ্রাইভ বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংস্থাটি ১৩টি অংশীদার স্কুলের শিক্ষার্থীদের প্রতিদিন তাজা ফল, শাকসবজি, ডিম, দুধ ও বাদাম সরবরাহ করছে। ফ্যাশন শো থেকে সংগৃহীত অর্থ দিয়ে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানটির হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার এবং মূল স্পন্সর করতোয়া গ্রিন স্পিনিং মিলস, সিটি ব্যাংক, এজাইল মাইন্ডস সলিউশন, র্যানকন, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল ও নেসলে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আয়োজকরা।




