পুরান ঢাকায় বর্ণাঢ্য ঈদ র্যালি

পুরান ঢাকায় বর্ণাঢ্য ঈদ র্যালি। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিশুদের জন্ম নিবন্ধন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুরান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ র্যালি। শনিবার (৩০ মে) হাজারীবাগের ইমান আলী রোডে অবস্থিত ফাতেমা ল’ কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও ফ্রেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেসের উদ্যোগে আয়োজিত র্যালির প্রতিপাদ্য ছিল, ‘আপনার শিশুর জন্ম নিবন্ধন করুন’।
ভার্চুয়ালি র্যালিটির উদ্বোধন করেন ফ্রেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেসের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিউল আলম বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের (ইউএনআইসি) সাবেক কান্ট্রি হেড ড. মনিরুজ্জামান।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকাবাসী সংগঠনের সভাপতি ও প্রথম সার্ক যুব স্বর্ণপদক বিজয়ী মো. শুকুর সালেক। অনুষ্ঠানে আরও ছিলেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফুর আহসান, মহাসচিব শেখ খোদা বক্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আয়োজকদের ভাষ্য, ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি শিশুদের জন্ম নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এ র্যালির মূল উদ্দেশ্য।







