ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলি অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী
বদলি ও পদায়নে স্বচ্ছতা আনা এবং পূর্বের নেতিবাচক ধারণা থেকে উত্তরণের লক্ষ্যে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদের জন্য ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের নেতিবাচক ধারণা প্রচলিত রয়েছে। বিশেষ করে ঢাকার পোস্টিংকে প্রাইজ পোস্টিং হিসেবে বিবেচনা করা হয়। পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে কোনো বৈষম্য ছাড়াই স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি জানান, বর্তমানে সারাদেশে ‘এ’ ক্যাটাগরির মোট ১৩১ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন। তাদের মধ্য থেকেই স্বচ্ছ লটারি পদ্ধতির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ঢাকা জেলার ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য ১৮ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচিত কর্মকর্তারা পদায়ন পাওয়ার পর সার্ভিস রুল অনুযায়ী সততার সঙ্গে দায়িত্ব পালন করা পর্যন্ত বহাল থাকবেন। তবে, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে যেসব জায়গাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গাতেও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে।
দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন এবং ১৩৯টি পদ শূন্য রয়েছে বলে জানালেন মন্ত্রী। এসব শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
লটারি কার্যক্রম অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



