ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৬

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকালের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। দায়ের করা হয় ৪৯টি মামলা। অভিযানে একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা ও ১৭ হাজার ২১৬ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
গতকাল ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানিয়েছেন, ডিএমপির বিভিন্ন বিভাগের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৬ জন, ওয়ারী বিভাগে ৫০, উত্তরা বিভাগে ৪২, লালবাগ বিভাগে ৩৫, মতিঝিল বিভাগে ৩৫, রমনা বিভাগে ৩৩, গুলশান বিভাগে ২৪ এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও ১৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।




