শাহজালালের গ্রিন চ্যানেলে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত সাড়ে ৮১ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
আজ বুধবার এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে সাড়ে ৭৮ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দিয়ে অবশিষ্ট সাড়ে ৭৭ লিটার আটক করা হয়।
অন্যদিকে, গত মঙ্গলবার রাতে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগত যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যান করে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায় এবং তা আটক করা হয়।
দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে সর্বমোট সাড়ে ৮১ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।



