ওয়ারীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলের ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আহত একজনের স্বজন।
নিহত ব্যক্তির নাম নাঈমুর রহমান (২৬)। তিনি ওয়ারী জয় কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ থানার দুদুখান গ্রামে। তিনি গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে ওই আবাসিক হোটেলেই থাকতেন।
আহতরা হলেন- একই হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও স্টাফ মোহাম্মদ হাসান (২৬)।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত রাজ্জাকের নাতি মোহাম্মদ জুবায়ের জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে হোটেলের পাশের একটি মুরগির দোকানের মালিক এনায়েত ও তার ছেলে ইরান কাজী রাতে হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেন।
‘পরে তাদের উদ্ধার করে রাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, গুরুতর আহত দুইজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
তবে কি নিয়ে বিরোধ ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি জুবায়ের। তার আশা, পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে।
ওয়ারী থানার উপপরিদর্শক এসআই আল আমিন বলেছেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



