বিদেশি নারী চিকিৎসকের আইফোন উদ্ধার করে দিল কামরাঙ্গীরচর থানা পুলিশ
আগামীর সময় প্রতিবেদক

ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত বিদেশি নারী চিকিৎসকের হারিয়ে যাওয়া আইফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
জানা গেছে, ভারতের কাশ্মীরের নাগরিক ইরতেজার (২৭) ঢাকার জেড. এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত। সম্প্রতি মেডিকেল কলেজ থেকেই তার ব্যবহৃত আইফোনটি হারিয়ে যায়। পরে এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
বিষয়টি জানার পর কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহার ইসলাম গুরুত্বের সঙ্গে ফোনটি উদ্ধারের উদ্যোগ নেন। তার নির্দেশনায় পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি মো. আজহার ইসলাম বলেছেন, ইরতেজার জিডি পাওয়ার পর আমরা গুরুত্ব সহকারে ফোনটি উদ্ধারের চেষ্টা শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান কামরাঙ্গীরচরের একটি মার্কেটে শনাক্ত করা হয়। পরে ফোনটি উদ্ধার করে ওই নারী চিকিৎসককে ডেকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ফোনটি ফিরে পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরতেজার।







