মতিঝিল মেট্রোরেল স্টেশনে ছিনতাইকারী আটক, ছুরি জব্দ

সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় জাকির হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার (৫ অক্টোবর) স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেটের সামনে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বড় ধারালো ছুরি জব্দ করা হয়।
আনসার সদস্যরা জানান, এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন জাকির হোসেন। একপর্যায়ে লিফটের সামনে ওই নারীকে ভয়ভীতি দেখানোর সময় বিষয়টি স্টেশনে টহলরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে। পরে তিনি এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করেন।
আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়। পরে কন্ট্রোলারের উপস্থিতিতে আনসার সদস্যরা জব্দ করা ছুরিসহ আটক জাকির হোসেনকে এমআরটি পুলিশের কাছে সোপর্দ করেন।
আনসার সদস্যদের দ্রুত ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপে বড় ধরনের অপরাধ এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ ঘটনায় ভুক্তভোগী নারীসহ উপস্থিত যাত্রীরা আনসার সদস্যদের তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেন।




