মোহাম্মদপুরে শীর্ষ হেরোইন ব্যবসায়ী চাপা আরিফের ৪ সহযোগী গ্রেপ্তার
- হেরোইন-ইয়াবা উদ্ধার, বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলি জব্দ

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর থেকে চিহ্নিত শীর্ষ হেরোইন ব্যবসায়ী চাপা আরিফের ঘনিষ্ঠ চার সহযোগীকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স এসআরবি। এসআরবি-২ একটি টিম আজ ভোররাতে পাবনা হাউজ গলি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২), মো. সাইদুর ইসলাম রাব্বী (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।
এসআরবি-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান আগামীর সময়কে বলেন, গ্রেপ্তারকৃতরা উদ্ধার করা অস্ত্র ব্যবহার করে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিক্রির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়।
এসআরবি বলছে, গ্রেপ্তার রানা ও নাইমের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং নাইমের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি করে মামলা পাওয়া গেছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-২।




