স্বামীকে খুন করে ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করলেন স্ত্রী

ঢাকার সবুজবাগে স্বামীকে হত্যার কথা জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদসংলগ্ন মহল্লা থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন রেহেনা আক্তার। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনে ওই নারী দাবি করেন, আগের রাতে তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাওয়ানোর পর ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করেছেন তিনি।
কল পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে বিষয়টি তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, পারিবারিক বিরোধ এবং স্বামীর অন্য নারীদের সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযোগের বিষয়টি তদন্তাধীন।
খবর পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।






