সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল

ভিডিও থেকে
গত ১৩ আগস্ট সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পেশায় শিক্ষক এক বাবা তার ছেলের পা ধরে আছেন এবং ছেলে বাবাকে নিজের সামনে সিজদা করতে বলছেন। মিরপুর বাঙলা কলেজের শিক্ষক শাকিলের এই ভিডিওটি নিয়ে সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় এবং নেটিজেনরা বিভিন্ন ধরনের লেখালেখি করেন।
বিষয়টি নিয়ে শাকিলের সহকর্মীরাও ছিলেন বিব্রত। তারা শাকিলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পরে এ ঘটনার উত্তর পাওয়া গেল শিক্ষক শাকিলের মুখ থেকেই।
এ বিষয়ে ওই শিক্ষক জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং সে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে। তিনি বলেছেন, বয়সের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে। মানুষ যা মন চায় চিন্তা করুক, যা মন চায় বুঝুক। আমার তাতে সমস্যা নেই। আমি বাবা হিসেবে আমার ছেলেকে বাঁচানোর জন্য যা করা দরকার, তাই করেছি।
তিনি আরও যোগ করেন, একজন বাবা তার সন্তানের জন্য নিজের জীবনও দিতে পারেন। তার ছেলে অসুস্থ, তাই তাকে পুলিশে দিয়ে কোনো লাভ নেই। এ কারণে তিনি তার ছেলেকে রিহ্যাবে (পুনর্বাসন কেন্দ্রে) ভর্তি করেছেন।
এদিকে মিরপুর বাঙলা কলেজের অন্য শিক্ষকরা জানিয়েছেন, শাকিল স্যারের ছেলে এসএসসি পর্যন্ত খুবই ভালো ছিল। হঠাৎ এমন ভিডিও দেখে তারাও গভীর চিন্তায় পড়েছেন।
এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞরা জানান, বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত রোগীরা সাধারণত অতিরিক্ত অবসাদ বা ডিপ্রেশনে ভোগেন। এ সময় তারা এমন সব অস্বাভাবিক চিন্তা ও আচরণ করেন, যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না। রোগীরা তখন নিজেদের কাল্পনিকজগতে চলে যান এবং সামনে থাকা ব্যক্তিকে দিয়ে সেই কাল্পনিক ঘটনার বাস্তবায়ন করানোর চেষ্টা করেন। অনেক সময় তারা শরীরে অস্বাভাবিক শক্তি অনুভব করেন অথবা কখনো কখনো তাদের শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়ে।






