দেশে জ্বালানি নিরাপত্তা জোরদারে উপকমিটি গঠন

গ্রাফিকস: আগামীর সময়
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং এলপিজি ও এলএনজি অবকাঠামো উন্নয়নে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ উপকমিটি’ গঠন করেছে সরকার।
গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীকে। কমিটির অন্য সদস্যরা হলেন—অর্থ ও পরিকল্পনামন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী; পররাষ্ট্র উপদেষ্টা; ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব।
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, এলপিজি আমদানি, ভোলা থেকে গ্যাস পরিবহন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং ল্যান্ড-বেইজড এলএনজি ও এলপিজি টার্মিনাল স্থাপন-সংক্রান্ত বিষয়গুলো দ্রুত পরীক্ষা করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এ কমিটি।
এ ছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের মতামত গ্রহণ করতে পারবে। প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতাও দেওয়া হয়েছে এ কমিটিকে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং কমিটিকে সাচিবিক সহায়তা দেবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।




