আগাম বন্যা মোকাবিলায় ৭ জেলায় ১,৬০০ প্রদর্শনী বীজতলা

সংগৃহীত ছবি
আগাম বন্যার ঝুঁকি মোকাবিলা ও বোরো ধানের ফসলহানি কমাতে হাওরাঞ্চলের সাত জেলায় ১ হাজার ৬০০টি প্রদর্শনী প্লটে আগাম জাতের ব্রি ধান-১১৮-এর বীজতলা তৈরি করা হয়েছে। চলতি মৌসুমে এসব বীজতলার চারা রোপণ করতে পারবেন কৃষকরা। এ জন্য প্রাথমিকভাবে ৩০ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) হাওরাঞ্চলে আকস্মিক আগাম বন্যায় আধাপাকা থেকে পাকা ধান তলিয়ে যাওয়ার ঝুঁকি কমাতে ব্রি ধান-১১৮ জাতটি উদ্ভাবন করেছে। প্রচলিত বিভিন্ন জাতের তুলনায় এ ধান ৭ থেকে ১০ দিন আগে বপন ও কাটা যায়। জাতটি প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীল এবং হাওরাঞ্চলের পরিবেশের জন্য উপযোগী।
ব্রি সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে জাতটি আগাম বপন করলে প্রজনন পর্যায়ে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও হেক্টরপ্রতি প্রায় ৬ টন ফলন পাওয়া সম্ভব। অন্যদিকে, স্বাভাবিক সময়ে অর্থাৎ ১৫ থেকে ২০ নভেম্বর বপন করে পরীক্ষামূলকভাবে ১৪৫ দিনে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৯ টন ফলন পাওয়া গেছে।
ব্রি ধান-১১৮-এর গড় ফলন হেক্টরপ্রতি ৬ দশমিক ৭৭ টন। উপযুক্ত পরিবেশ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ জাত থেকে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৮ দশমিক ৫ টন ধান পাওয়া সম্ভব। জাতটির জীবনকাল ১৪৫ থেকে ১৪৮ দিন। তবে শীতের তীব্রতার ওপর নির্ভর করে তা ১৫০ থেকে ১৫৭ দিন পর্যন্ত হতে পারে।
জাতটির গাছ শক্ত ও মজবুত হওয়ায় সহজে হেলে পড়ে না। ধান পাকার সময়ও ডিগ পাতা সবুজ থাকে। এ ছাড়া প্রচলিত জাতের তুলনায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম হয়। ব্রির ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে জাতটি ব্রি ধান-২৮-এর তুলনায় প্রায় ২২ দশমিক ৮৩ শতাংশ বেশি ফলন দিয়েছে।
ব্রি ধান-১১৮ আগাম বপন ও উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে হাওরাঞ্চলে আগাম বন্যার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে বোরো ধানের উৎপাদন সুরক্ষার পাশাপাশি কৃষকের ফসলহানিও কমবে।




