এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে দুদক কর্মকর্তারা। ছবি: দুদক
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনামূল্যের পাঠ্যবই ছাপার প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে যায়।
তারা অভিযোগের সত্যতা যাচাইয়ে এনসিটিবি থেকে বই ছাপার প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা, ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সংগৃহীত নথিপত্রগুলো বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। এরপর কমিশনে দাখিল করা হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন।



