গোপালগঞ্জ সামলাতে অর্থ প্রবাহে নজরদারি
- এমএফএস ও ব্যাংকিং লেনদেন বিশেষ পর্যবেক্ষণে
- পুলিশ, এসআরবি, বিজিবির অতিরিক্ত ৩ হাজার সদস্য মোতায়েন
- বডি-ওর্ন ক্যামেরা, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা
- অস্থিতিশীলতার নেপথ্যের ৩০০ জন বিশেষ নজরদারিতে
- দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও আ.লীগ অফিস

ফাইল ছবি
গোপালগঞ্জে সহিংসতা ও নাশকতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার শুধু সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নয়, অর্থের প্রবাহের ওপরও নজরদারি বাড়াচ্ছে সরকার। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ব্যাংকিং লেনদেন পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সহিংসতা উসকে দেওয়া, লোকজন সংগঠিত করা কিংবা নাশকতার কাজে অর্থ জোগানোর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে লেনদেনের তথ্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত হিসেবে চিহ্নিত শীর্ষ ৩০০ জনকে রাখা হয়েছে বিশেষ নজরদারিতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারে পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত তিন হাজার সদস্য নিয়োজিত করা হয়েছে। বেশিরভাগ সদস্যের সঙ্গে থাকবে বডি-ওর্ন ক্যামেরা। গুরুত্বপূর্ণ স্থাপনা, সংবেদনশীল এলাকা ও কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) ঘিরে রাখা হয়েছে বাড়তি নজরদারি। এসব স্থাপনার আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল-তল্লাশি। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সহিংসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হলেও নতুন করে যাতে কোনো পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে জোর সতর্ক রয়েছে প্রশাসন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সড়ক ও পরিবহন চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আশাদুজ্জামান আগামীর সময়কে বললেন, ‘ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্স, বরিশাল ও খুলনা রেঞ্জের রিজার্ভ ফোর্স আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করছে। অন্যান্য বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ। অভিযানে স্বচ্ছতা রাখতে পুলিশ সদস্যরা সঙ্গে রাখছেন বডি-ওর্ন ক্যামেরা। তবে বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি এখন পুরো স্বাভাবিক। জানমাল এবং রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় সবকিছুই করবে পুলিশ।’
অর্থের উৎস ও লেনদেনেও নজর
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, গোপালগঞ্জে সহিংসতা ও নাশকতার পেছনে কারা অর্থ জোগাচ্ছে, কোথা থেকে অর্থ আসছে এবং কীভাবে তা ব্যবহার হচ্ছে— এসব বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য এমএফএস ও ব্যাংকিং লেনদেনের ওপর বিশেষ নজরদারি চলছে। সন্দেহজনক লেনদেনের সূত্র ধরে অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে শুধু সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিরাই নন, সহিংসতা সংগঠিত করা, লোকজন জড়ো করা কিংবা নেপথ্যে থেকে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিরাও রয়েছেন।
বিজিবির সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান আগামীর সময়কে বললেন, ‘সীমান্তের নিরাপত্তার বাইরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে কাজ করে থাকেন বিজিবির সদস্যরা। গোপালগঞ্জেও সাধারণ মানুষের সমস্যার কারণ হবে না বিজিবি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে। এক্ষেত্রে অর্থের প্রবাহের দিকেও নজর রাখবে বিজিবি।’
কেপিআই ও আশপাশ এলাকায় বিশেষ নজর
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানা গেছে। এসব স্থাপনার প্রবেশপথ, আশপাশের সড়ক ও সংবেদনশীল পয়েন্টে বাড়তি নজরদারি থাকবে। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের আশঙ্কা ঠেকাতে আশপাশ এলাকায় বিশেষ টহল ও প্যাট্রলিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই সঙ্গে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। তাদের কাজ হবে পরিস্থিতির ওপর নজর রাখা, সন্দেহজনক তৎপরতা শনাক্ত করা এবং সম্ভাব্য সংঘাতের আগাম তথ্য সংগ্রহ করা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এজেএম ইন্তেখাব চৌধুরী আগামীর সময়কে বলছিলেন, ‘গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসআরবির অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট এবং প্যাট্রলের সংখ্যা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সাদা পোশাকেও তৎপরতা অব্যাহত রেখেছে এসআরবি।’
কেন বারবার উত্তপ্ত গোপালগঞ্জ
গোপালগঞ্জে বারবার সহিংসতার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, কেন এ জেলায় রাজনৈতিক উত্তেজনা বারবার সহিংসতায় রূপ নিচ্ছে? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিষয়টি স্পষ্ট করতে পারছেন না।
আগামীর সময়ের গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার সকাল থেকেই শহরে মানুষের চলাচল বাড়তে শুরু করে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে সড়কে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও ফিরেছে নিজ নিজ গন্তব্যে। তবে স্বাভাবিক পরিবেশ ফিরলেও মানুষের মনে আতঙ্ক কাটেনি। জীবিকার তাগিদে অনেকেই ভয় নিয়েই ঘর থেকে বের হচ্ছেন।
রিকশাচালক রহমত আলী জানালেন, ভয় থাকলেও কাজ না করলে সংসার চলবে না। তাই বাধ্য হয়েই তাকে রাস্তায় নামতে হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা জানালেন, রবিবারের সহিংসতা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথম সারির নেতারা আত্মগোপনে থাকায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। ফলে সাধারণ সমর্থকদের একটি অংশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।
সেখানকার কয়েকজন বললেন, গোপালগঞ্জের মানুষের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর আবেগের সম্পর্ক রয়েছে। এ জেলাতেই তার জন্মস্থান। টুঙ্গিপাড়ায় রয়েছে তার সমাধিসৌধ। পাশাপাশি কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক বাড়িও এই উপজেলায়। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলেও সেই আবেগের প্রভাব রয়ে গেছে।
দুই শিক্ষক জানালেন, তারা শান্তিতে বসবাস করতে চান। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
কর্মজীবী রিফাতের বক্তব্যও একইরকম। তার মতে, বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণ পরিবেশেই পরিচালিত হওয়া উচিত।
দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও আ.লীগ অফিস
প্রায় দুই বছর পর গতকাল খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ। একই দিনে খুলেছে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। বেলা ১১টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে মিছিল বের হয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ঢোকেন। সেখানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মিছিল নিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান। সেখানে তিনটি প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।
১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
রবিবার দিনভর সহিংসতা ও নাশকতার পর গতকাল গোপালগঞ্জের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না প্রশাসন। ১০ নভেম্বর থেকে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও চার প্লাটুন বাড়ানো হয়েছে। বর্তমানে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশ, এসআরবি ও এপিবিএন সদস্যরা মাঠে রয়েছেন। জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলোতে চলছে টহল। লঞ্চঘাট, চৌরঙ্গী, পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া ও বেদগ্রাম এলাকায় বিশেষ নজরদারি রয়েছে। এ ছাড়া ডিসি অফিস ও আদালত এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যা বললেন ডিআইজি
সোমবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় লঞ্চঘাট এলাকায় সংবাদ সম্মেলন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি ও এসআরবি সদস্য মোতায়েন রয়েছেন। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে ডিআইজি জানিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি।



