দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

গ্রাফিকস: আগামীর সময়
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সূচি সম্প্রসারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ সোমবার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা শেষ হওয়ার পর আগামী ২৩ অক্টোবর থেকে আবারও আগের নির্ধারিত সময়সূচি (সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে।
বৈশ্বিক জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করে সরকার। বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ সাশ্রয়ী নীতি এবং শ্রম আইনের ধারা মেনে এই নিয়ম প্রণয়ন করা হয়।
তবে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসবগুলোতে সাধারণ মানুষের কেনাকাটার ভিড় সামাল দিতে এবং ব্যবসায়ী সমাজের দাবির প্রেক্ষিতে সরকার সাময়িকভাবে এই সময়সূচি শিথিল করে থাকে।



