পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ রবিবার ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।
এর আগে গত ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে যান তিনি।
সফরসঙ্গী হিসেবে স্পিকারের সঙ্গে ছিলেন সংসদীয় প্রতিনিধিদলের পাঁচ সদস্য। তারা হলেন: নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
এদিন সকালে ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাফিজ উদ্দিন আহমদের এই সফর ছিল বাংলাদেশ জাতীয় সংসদের কোনো স্পিকারের প্রথম পাকিস্তান সফর।
সফরে ইসলামাবাদ, লাহোর ও করাচি এই তিনটি শহর পরিদর্শন করেন তিনি। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানো ছিল সফরের অন্যতম লক্ষ্য।
ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং দুই দেশের আইনসভাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সঙ্গেও বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধিদল। এ ছাড়া পাকিস্তানের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিদলকে ব্রিফ করেন।
সফরে গত ২৫ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার। একই দিন রাতে তার সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরাও অংশ নেন।
এরপর লাহোরে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ পরিদর্শন করেন স্পিকার ও তার সফরসঙ্গীরা। ২৬ নভেম্বর সেখানে পাঞ্জাব পরিষদের স্পিকার মালিক আহমদ খানের সঙ্গে তাদের বৈঠক হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
২৭ নভেম্বর করাচিতে পৌঁছান বাংলাদেশ প্রতিনিধিদল। সেখানে তারা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ মাজার-ই-কায়েদে শ্রদ্ধা জানান। পরে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন করেন। পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ তাদের স্বাগত জানান। সফরে প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ও কর্মসূচিতে ছিল।




