আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
অনলাইন ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ সোমবার সকালে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেছেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতে নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি বলেছেন, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম শিক্ষা ক্যামব্রিজ কারিকুলাম অনুসারে পরিচালিত হবে। মূল্যবোধভিত্তিক এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনে সহায়তা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।





