আওয়ামী লীগের লুটপাট-হত্যা-গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: আগামীর সময়
আওয়ামী লীগের অর্থ পাচার-লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সকল অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেছেন, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করেছে, পাচার করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে। আগে তাদের এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
আওয়ামী লীগকে উদ্দেশ করে ইয়াসের খান বলেছেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এদেশে চলবে কি না! বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান, আদালত যেই রায় দিয়েছেন সে রায় বাস্তবায়ন হোক, তারপরে দেখা যাবে আপনাদের সংগঠনকে কোন পর্যায়ে দাঁড় করায় বাংলাদেশের জনগণ।
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেছেন, সাংবাদিকদের কলমের ধার যেমন অনেক বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার ধারও অনেক বেশি। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে গণমাধ্যম ক্রমেই ডিজিটাল হয়ে উঠছে। প্রিন্ট সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকরা সক্রিয়ভাবে কাজ করছেন। ফটো সাংবাদিকরাও এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি যোগ করেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে সাংবাদিকদের জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জানালে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটো সাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকার প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, পিআইবির ডিজি ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।



