জানালেন ধর্মমন্ত্রী
হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
তিনি বললেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। হজযাত্রীদের খরচ কমানো এবং ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগের মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামাকে শান্তি, স্থিতিশীলতা ও দেশের কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।
মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী অনুষ্ঠান পরিচালনা করেন।
মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।




