পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ১৪ কর্মকর্তা

গ্রাফিকস: আগামীর সময়
পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার এসংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট আরআরএফের কমান্ড্যান্ট, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি, আর এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ অধিদপ্তর থেকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ অধিদপ্তর থেকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ অধিদপ্তরের এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
দুটি প্রজ্ঞাপনেই স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ। জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।



