রিয়াদ বিমানবন্দরে হামলা
ঢাকা থেকে সৌদিগামী প্রায় ৩ হাজার যাত্রী বিপাকে

সংগৃহীত ছবি
হুতি হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে ঢাকার সৌদি আরবগামী যাত্রীদের ওপর।
শনিবার ্এই হামলার পর থেকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রিয়াদগামী আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী রয়েছেন ভোগান্তিতে।
আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিলের খবর দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউসার মাহমুদ।
ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি।
এয়ারলাইনস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি জানানো হবে বলেও জানিয়েছে তারা।
বিদেশে যত বাংলাদেশি রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি থাকেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য এই দেশটি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরোয়েলের যুদ্ধের মধ্যে তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সম্প্রতি কয়েক দফায় হামলা চালিয়েছে সৌদি আরবে।
এমনই একটি হামলায় শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ক্ষেপণাস্তদ্র আঘাত হানার পর দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। হামলাার পর থেকে কিং খালেদ বিমানবন্দর বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে।



