স্বাস্থ্যমন্ত্রী
পাকিস্তানে ভ্যাকসিন-ক্যান্সারের ওষুধ রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ

সংগৃহীত ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। একই সঙ্গে পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্য খাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন তারা।
এ সময় পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে পাকিস্তানের জিআইএমএস আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া বাংলাদেশে ভবিষ্যতে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।




