রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
আরেক এসপিসহ গ্রেপ্তার পুলিশের দুই কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের আরও দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে একই অভিযোগে গ্রেপ্তার হলেন পুলিশের চার কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা। তিনি জানালেন, সবশেষ গত বুধবার গ্রেপ্তার করা হয় পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারের রিকুইজিশন ছিল। অন্যদিকে, গ্রেপ্তার রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তাকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত ২৪ নভেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ডিবি। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। পরে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে পাঠানো হয় আদালতে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজির ভাষ্য, সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।



