ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

সংগৃহীত ছবি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় ডেসকো আনসার গার্ডের সদস্যদের দীর্ঘদিনের রান্না ও সুপেয় পানির সংকট নিরসন করা হয়েছে। গ্যাস সিলিন্ডার ও পানির ফিল্টার স্থাপনের এই পদক্ষেপে সদস্যদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে এবং দায়িত্ব পালনে কর্মস্পৃহা বৃদ্ধি পেয়েছে।
গত ১১ অক্টোবর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় ঢাকা মহানগর আনসারের পরিচালক ও পশ্চিম জোনের জোন কমান্ডার মিরপুর থানাধীন ডেসকো আনসার গার্ড পরিদর্শন করেন। এ সময় তাঁরা দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করে আবাসন, রান্নাঘর ও সুপেয় পানিসহ বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে গার্ডের জন্য ৩৫ কেজি ধারণক্ষমতার গ্যাস সিলিন্ডারসহ নতুন গ্যাসের চুলা এবং ৬০ লিটার ধারণক্ষমতার ইলেকট্রিক পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি সদস্যদের আবাসন সংকট দূর করতে গার্ডটিকে দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করা এই গার্ডে বর্তমানে ৫৮ জন অঙ্গীভূত আনসার সদস্য ডেসকো প্রাইভেট কোম্পানি লিমিটেডের আটটি পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করছেন। মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে গার্ডের সদস্যরা মহাপরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, ঊর্ধ্বতন নেতৃত্বের এমন আন্তরিক মনোযোগ কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়।



