নতুন ভোটার সাড়ে ৪ লাখ, দেশে এখন মোট ভোটার কত দাঁড়াল

গ্রাফিকস: আগামীর সময়
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হালনাগাদ থেকে এ পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ার পর দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সর্বশেষ হালনাগাদের পর মোট ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।
নতুন চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। সব মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ভোটার তালিকায় দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ রাখা হয়। এ জন্য ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন করা যাবে।









