সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট শুরু বছরের শেষে

সিইসি নাসির উদ্দিন
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এ বছরই তফসিল দিতে হবে। তবে তফসিল ঘোষণা করা হলেও নির্বাচনের কিছু অংশ বছরের শেষে এবং কিছু নির্বাচন আগামী বছরে অনুষ্ঠিত হতে পারে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন।
সিইসি বলেন, আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারব। আমরা যদি সেপ্টেম্বর-অক্টোবরে শিডিউল দিই, একাডেমিক্যালি বলতে গেলে নির্বাচনটা তো আগামী বছর গিয়ে পড়বে। কিন্তু আগামী বছর নির্বাচন করলে আমাকে এ বছরের শিডিউলটা দিতে হবে। তাহলে এ বছরের শেষে কিছু নির্বাচন হবে এবং কিছু নির্বাচন আগামী বছরে চলে যাবে।
আগামী বছরে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সময়ের সংকটের কথা তুলে ধরে সিইসি বলেন, আগামী বছরের অসুবিধাটা হলো, ফেব্রুয়ারিতে রমজান এবং পরবর্তী সময়ে ঈদুল আজহা, গরম ও বর্ষাকালের বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। এ কারণে নির্বাচন আয়োজনের জন্য হাতে থাকা সময় খুবই সীমিত। আমাদের যে টাইম স্লট, যেখানে আমাদেরকে নির্বাচনকে অ্যাকোমোডেট করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করার পরিকল্পনার কথাও জানান সিইসি। তিনি বলেন, আগের ধাপগুলোতে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে হয়নি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
উপকূলীয় ও পাহাড়ি এলাকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আবহাওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান সিইসি। তিনি বলেন, যেসব এলাকায় বর্ষাকালে নির্বাচন করা কঠিন, সেসব এলাকায় শুষ্ক মৌসুমে ভোট আয়োজনের চেষ্টা থাকবে। এগুলো কোনো খারাপ মৌসুমে করা যাবে না। এগুলো আমাদের শুষ্ক মৌসুমে করতে হবে।
সিইসি বলেন, দেশের অধিকাংশ নির্বাচন সাধারণত শীতকালে অনুষ্ঠিত হয়। ভোটারদের সুবিধার বিষয়টিও নির্বাচন কমিশনের বিবেচনায় থাকবে।
স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের সুযোগসহ বিভিন্ন বিষয়ে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আইনশৃঙ্খলার সংজ্ঞায় সেনাবাহিনীকে ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনেও এ ধরনের ব্যবস্থা অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আইন সংশোধন দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হওয়ায় সংশোধন না হলেও বিদ্যমান আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।







