সংসদে প্রধানমন্ত্রী
শ্রমিকদের চিকিৎসায় শিল্পাঞ্চলে হচ্ছে ৬ হাসপাতাল

প্রধানমন্ত্রী তারেক রহমান— ফাইল ছবি
দেশের শ্রমজীবী মানুষের চিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শ্রমজীবী মানুষের সুচিকিৎসার জন্য সরকার ১০০ শয্যার করে ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে। হাসপাতালগুলোয় শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।’
পতিত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এক যুগেরও বেশি সময় স্বৈরাচারের দুঃশাসন আমলে আমরা দেখেছি কীভাবে দেশের জ্বালানিব্যবস্থাকে বিদেশনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদকে মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছুকে আমদানিনির্ভর করা হয়েছিল। আমরা দেখেছি, কীভাবে শিল্পের বিকাশ না ঘটিয়ে এমন সব ইচ্ছাকৃত পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্পের বিকাশ স্বাভাবিকভাবে হতে পারেনি।’
বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের স্বাস্থ্যখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, স্বৈরাচারের সময় সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়। এমনভাবে চিকিৎসাব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে যে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।’
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সরকার দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে।’




