বিদ্যুৎ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়
দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে নজরদারি বাড়াতে বলা হয়েছে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে।
আজ রবিবার বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদের সই করা ওই চিঠিটি পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে। তবে নিরাপত্তা জোরদারের পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ বা সম্ভাব্য ঝুঁকির কথা সেখানে উল্লেখ করা হয়নি।
সাধারণত বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে স্বীকৃত। এসব স্থাপনায় সব সময়ই নিরাপত্তা বজায় রাখা হয়। তবে, কোনো ধরনের ঝুঁকি তৈরি হলে নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
আজ বিদ্যুৎ বিতরণ ও সেবাদানকারী সংস্থাগুলোর প্রধান এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে বৈঠকে যুক্ত হন। সেখানে সংস্থাপ্রধানেরা সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা মন্ত্রীকে জানান।
বৈঠকে সব উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নাশকতার বিষয়ে সজাগ থাকতে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে সচেতন করা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতার চেষ্টাকারী এবং দায়িত্ব পালনে অবহেলাকারী, সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দেশের চলমান ‘অস্থিতিশীল পরিস্থিতিতে’ দেওয়া নির্দেশনায় সংশ্লিষ্ট স্থাপনাগুলোয় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, তল্লাশি ও রাতের টহল বাড়ানোর কথা বলেছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।



