বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তদের মুক্তির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি
বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহ-সংক্রান্ত মামলাগুলো ইতিমধ্যে আদালতের সুনির্দিষ্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একটি মামলায় সাজা ভোগ করার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে সেটি যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়।
তিনি আরও বলেন, ‘বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি কারাগার থেকে খালাস পাওয়ার অধিকারী।’
পরিচয়, আগের সাজা কিংবা রাজনৈতিক বিবেচনায় কাউকে যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সে জন্য পুলিশকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কোনো ব্যক্তি আইনবহির্ভূত বা উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি, মিথ্যা মামলা কিংবা অযৌক্তিক পরিস্থিতির শিকার হলে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিবিড়ভাবে যাচাই করা হবে বলেও জানান তিনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মামলায় সাজা ভোগ করার পর কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্য মামলা থাকলে সেগুলো প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। আর অন্য কোনো মামলা না থাকলে সাজা শেষ হওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কারাগার থেকে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে তাঁর।




