মাছ-মাংসের দাম ঠিক রাখতে বাজার তদারকি চায় সংসদীয় কমিটি

সংসদ ভবনে আজ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংসদ সচিবালয়
মাছ, মাংসের দাম কি অযৌক্তিক বেশি নেওয়া হচ্ছে কি না, তা যাচাইয়ে বাজার তদরকির সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি দুধ ও ডিমের বাজারেও একই রকম তদারকি চায়।
আজ বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে আলোচনার পর এই সুপারিশ আসে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মাছ, মাংস, দুধ, ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট এবং সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম চালাতে বলা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে।
কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, এম.এ. হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
বৈঠকে আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে অভয়াশ্রম, উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
পাশাপাশি সামুদ্রিক মৎস্য অনুসন্ধান, মৎস্য আহরণ এবং রপ্তানির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।



