যদি সিঙ্গেল থাকেন, তবে আজ আপনার দিন

আইয়ব বাচ্চু গানে গানে বলেছেন, একা একাকি থাকা যায় বলো, একা একাকি থাকা যায়? হাসান তার গানে বলেছেন, একাকি আমি বড় একাকি.. জেমস তার গানে বলেছেন, এই সংসারে সবাই একা, কেউ বোঝে না কারো ব্যথা, তোমার কাছে তুমি একা, আমার কাছে আমি একা।
আর একাকীত্ববোধের সবচেয়ে নির্মম সত্যটি বলেছেন কবি আবুল হাসান। তিনি তার কবিতায় বলেছেন, অবশেষে জেনেছি মানুষ একা...
তবে সময়ের ফেরে একার নিয়মও বদলে যায়। আজ ১১ নভেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘সিঙ্গেলস ডে’। প্রেমের সম্পর্কে নেই বলে মন খারাপ করার দিন নয় এটি। বরং নিজের স্বাধীনতা, পছন্দ ও একা থাকার আনন্দ উদ্যাপনের উপলক্ষ হিসেবে দিনটিকে দেখতে পারেন সিঙ্গেলরা।
সঙ্গী না থাকলেও নিজের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ রয়েছে নানা উপায়ে। পছন্দের খাবার খাওয়া, ঘুরতে যাওয়া, কেনাকাটা কিংবা একা সিনেমা দেখার মধ্য দিয়ে দিনটিকে করে তুলতে পারেন আনন্দময়। নিজের যত্ন নেওয়া এবং নিজের পছন্দকে গুরুত্ব দেওয়াই হতে পারে আজকের দিনের বিশেষ আয়োজন।
চারটি এক থেকেই সিঙ্গেলস ডে
সিঙ্গেলস ডে উদ্যাপনের সূচনা ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। প্রচলিত ধারণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চার অবিবাহিত শিক্ষার্থী নিজেদের একা থাকার জীবন উদ্যাপনের জন্য ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন। তারিখটি ১১/১১ হওয়ায় এতে পরপর চারটি ‘১’ রয়েছে, যা সিঙ্গেল বা একা থাকার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
প্রথম দিকে দিনটি ‘ব্যাচেলর্স ডে’ নামে পরিচিত ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে চীনের জনপ্রিয় সংস্কৃতিতে জায়গা করে নেয় এই উদ্যাপন। ধীরে ধীরে নারী-পুরুষ নির্বিশেষে সবাই দিনটি পালন করতে শুরু করেন।
সময়ের সঙ্গে সিঙ্গেলস ডে ঘিরে যুক্ত হয় কেনাকাটার উৎসব। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এ দিন উপলক্ষে বিশেষ ছাড়ে কেনাকাটার আয়োজন করে। এরপর থেকে দিনটি বিশ্বের অন্যতম বড় অনলাইন কেনাকাটার উৎসবে পরিণত হয়। ২০১৭ সালে মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার বিক্রির পরিমাণ ছিল প্রায় ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।
যেভাবে উদ্যাপন করবেন দিনটি
সিঙ্গেলস ডে উপভোগ করতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। নিজের ভালো লাগার বিষয়গুলোকে প্রাধান্য দিলেই দিনটি হয়ে উঠতে পারে বিশেষ। অনেক দিন ধরে পছন্দের কোনো পোশাক, সানগ্লাস কিংবা প্রয়োজনীয় জিনিস কেনার পরিকল্পনা থাকলে আজ নিজেকে উপহার দিতে পারেন। তবে কেনাকাটার ক্ষেত্রে নিজের সামর্থ্য ও বাজেটের বিষয়টি মাথায় রাখা জরুরি।
চাইলে নিজেকেই নিয়ে যেতে পারেন ডেটে। পছন্দের রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, সিনেমা দেখা কিংবা এক কাপ কফি নিয়ে নিরিবিলি সময় কাটানো হতে পারে দিনের সুন্দর আয়োজন। ভালো সময় কাটাতে সব সময় সঙ্গীর প্রয়োজন হয় না।
আবার বন্ধুদের মধ্যে যারা সিঙ্গেল, তাদের নিয়ে ছোটখাটো আড্ডা বা পার্টির আয়োজন করতে পারেন। একসঙ্গে খাওয়াদাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। চাইলে নিজের ভালো লাগা, অর্জন ও ইতিবাচক দিকগুলো নিয়ে একটি তালিকা তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করতে পারেন।
সবশেষে মনে রাখতে হবে, জীবনে ভালো থাকতে প্রেমের সম্পর্কে থাকতেই হবে, এমন কোনো নিয়ম নেই। নিজের সঙ্গ উপভোগ করা, নিজের যত্ন নেওয়া এবং স্বাধীনভাবে সময় কাটানোর মধ্যেও রয়েছে আলাদা আনন্দ। তাই সঙ্গী নেই বলে মন খারাপ না করে নিজের পছন্দকে গুরুত্ব দিন। নিজের আনন্দের দায়িত্ব নিজের হাতেই থাকুক।



