Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কিশোর গ্যাং : সামাজিক সংকট ও উত্তরণের পথ

ড. মাহমুদা হক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২৩:১৩
শেয়ার করুন:
কিশোর গ্যাং : সামাজিক সংকট ও উত্তরণের পথ

প্রতীকী ছবি

শিশু-কিশোররাই একটি দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের ওপর নির্ভর করে আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রা। অথচ সেই কিশোরদের একটি অংশ যখন শিক্ষার আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়ার পরিবর্তে অপরাধপ্রবণ দল বা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন তা শুধু ব্যক্তি বা পরিবারের জন্য নয়, গোটা সমাজ তথা দেশের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

দেশের বিভিন্ন শহর, নগর ও জনপদে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে দলবদ্ধ আধিপত্য বিস্তার, মারামারি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সহপাঠীদের হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। কিশোর গ্যাং বলতে সাধারণ বন্ধুমহল বা কিশোরদের স্বাভাবিক দলগত কর্মকাণ্ডকে বোঝায় না। বরং যেসব দল নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠার জন্য নিয়মিতভাবে সহিংসতা, ভয়ভীতি, হয়রানি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সেগুলোকেই কিশোর গ্যাং হিসেবে বিবেচনা করা হয়। কৈশোরে বন্ধুত্ব, সাহসিকতা, নেতৃত্ব ও স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিক। কিন্তু এসব আকাঙ্ক্ষা যখন অন্যকে ভয় দেখানো, দলীয় শক্তি প্রদর্শন কিংবা অপরাধের মাধ্যমে নিজেদের পরিচিতি প্রতিষ্ঠার দিকে পরিচালিত হয়, তখন তা বিপজ্জনক সামাজিক সংকটে পরিণত হয়।

কিশোর গ্যাংয়ের বিস্তারের পেছনে কোনো একক কারণ নেই। বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধুমহল, সামাজিক বৈষম্য এবং প্রযুক্তির অপব্যবহারের সম্মিলিত প্রভাব অনেক ক্ষেত্রে কিশোরদের বিপথগামী করে তোলে।

প্রথমত, পরিবারের সঙ্গে সন্তানের মানসিক ও নৈতিক সম্পর্কের দুর্বলতা একটি গুরুত্বপূর্ণ কারণ। বাবা-মায়ের অতিরিক্ত ব্যস্ততা, পারিবারিক কলহ, সন্তানের প্রতি উদাসীনতা কিংবা তার মানসিক চাহিদা বুঝতে না পারার কারণে অনেক কিশোর পরিবারের বাইরে স্বীকৃতি ও আশ্রয় খোঁজে। আবার অতিরিক্ত শাসন, অপমান কিংবা শারীরিক শাস্তিও তাদের পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। সন্তানকে শুধু ভালো ফলাফল অর্জনের যন্ত্র হিসেবে না দেখে তার মানসিক বিকাশ ও সামাজিক সম্পর্কের প্রতিও অভিভাবকদের মনোযোগী হতে হবে।

দ্বিতীয়ত, কৈশোরে বন্ধুমহলের প্রভাব অত্যন্ত শক্তিশালী। এ বয়সে অনেকেই বন্ধুদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন, সাহসী হিসেবে পরিচিতি পাওয়া কিংবা দল থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় থেকে অন্যের আচরণ অনুকরণ করে। ফলে কোনো অপরাধপ্রবণ দলের সঙ্গে একবার যুক্ত হয়ে পড়লে দলীয় আনুগত্যের চাপে ধীরে ধীরে অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়তে পারে।

তৃতীয়ত, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কও এখানে গুরুত্বপূর্ণ। স্কুলে বুলিং, অপমান, শিক্ষকদের সঙ্গে দূরত্ব, পড়াশোনায় পিছিয়ে পড়া এবং নিয়মিত অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে। বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক, বিজ্ঞানচর্চা ও ইতিবাচক নেতৃত্বের সুযোগ না থাকলে কিছু শিক্ষার্থী নেতিবাচক দলীয় পরিচয়ের প্রতি আকৃষ্ট হয়। শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার জায়গা নয়; এটি একজন শিক্ষার্থীর নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলারও প্রধান ক্ষেত্র।

চতুর্থত, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং অপরাধের সংস্কৃতি কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে দামি পোশাক, মোটরসাইকেল, অর্থবিত্ত ও বাহ্যিক প্রভাবকে সাফল্যের প্রতীক হিসেবে উপস্থাপনের প্রবণতা কিছু কিশোরের মধ্যে হতাশা ও অনুকরণের আকাঙ্ক্ষা তৈরি করে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অপরাধপ্রবণ প্রাপ্তবয়স্কদের প্রভাব, আধিপত্য বিস্তারের রাজনীতি এবং অপরাধ করে পার পেয়ে যাওয়ার দৃষ্টান্ত কিশোরদের ভুল বার্তা দেয়। বিশেষ করে যখন প্রভাবশালী কোনো ব্যক্তি বা অপরাধী চক্র নিজেদের স্বার্থে কিশোরদের ব্যবহার করে, তখন সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারও এ সংকটকে তীব্র করছে। ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার প্রদর্শন, হুমকি, অপমানজনক ভিডিও এবং দলীয় শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা বাস্তব জীবনের বিরোধকে উসকে দিতে পারে। অনেক ক্ষেত্রে অনলাইনে জনপ্রিয়তা অর্জনের জন্য কিশোররা বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা এবং অভিভাবকদের দায়িত্বশীল তত্ত্বাবধান এখন সময়ের দাবি।

কিশোর গ্যাংয়ের প্রভাব বহুমাত্রিক। প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় শিক্ষাজীবন। অপরাধপ্রবণ দলীয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে পড়াশোনায় মনোযোগ কমে, স্কুলে অনুপস্থিতি বাড়ে, পরীক্ষার ফল খারাপ হয় এবং একপর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিতে পড়ে। এর ফলে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়। দ্বিতীয়ত, কৈশোরে সহিংসতা ও ভয়ভীতিকে শক্তির প্রতীক হিসেবে গ্রহণ করলে সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ বাধাগ্রস্ত হয়। তৃতীয়ত, পরিবারে অবিশ্বাস ও অস্থিরতা তৈরি হয়। চতুর্থত, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতা, বুলিং ও দলীয় বিভাজন বৃদ্ধি পায়। সর্বোপরি, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, সংঘর্ষ, সম্পদের ক্ষতি ও সাধারণ মানুষের হয়রানির মাধ্যমে সামাজিক শান্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রথম দায়িত্ব পরিবারের। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী ধরনের অনলাইন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে- এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। তবে নজরদারি যেন সন্দেহ, ভয় বা অতিরিক্ত শাসনের রূপ না নেয়। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং মানসিক সমস্যায় পাশে দাঁড়ানো জরুরি। মনে রাখতে হবে, সন্তানকে শুধু শাসন করে নয়, ভালোবাসা, আস্থা ও দিকনির্দেশনার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানকেও এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিটি স্কুলে বুলিংবিরোধী নীতিমালা, অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের সুযোগ থাকা উচিত। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে একটি সক্রিয় ও নিয়মিত যোগাযোগ অতীব জরুরী। আরো প্রয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহমর্মিতা, সংঘাত নিরসন, আবেগ নিয়ন্ত্রণ ও নাগরিক দায়িত্ববোধ তৈরিতে বিশেষ কর্মসূচি নেওয়া। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান ক্লাব, স্কাউটিং ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। প্রতিটি শিক্ষার্থীর ইতিবাচক প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে নেতিবাচক দলীয় পরিচয়ের আকর্ষণ অনেকাংশে কমানো সম্ভব।

একই সঙ্গে প্রতিটি এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, পাঠাগার, ক্রীড়া ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা জরুরি। শহর ও নগরের পরিকল্পনায় শিশু-কিশোরদের বিনোদন ও সৃজনশীল বিকাশের সুযোগকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অবসর সময়কে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার সুযোগ না রেখে শুধু শাস্তি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ওপর নির্ভর করলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।

অন্যদিকে, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করতে হবে। সহিংসতা, চাঁদাবাজি ও গুরুতর অপরাধের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শিশু আইন ও কিশোর বিচারব্যবস্থার নীতিমালা অনুসরণ করতে হবে। কোনো শিক্ষার্থীকে প্রমাণ ছাড়া অপরাধী হিসেবে চিহ্নিত করা, সামাজিকভাবে অপমান করা কিংবা বিদ্যালয় থেকে বহিষ্কার করাই সমাধান নয়। বরং অপরাধে জড়িয়ে পড়ার কারণ শনাক্ত করে শিক্ষা, মানসিক সহায়তা, পরিবারভিত্তিক পরামর্শ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা অপরাধী চক্র কিশোরদের ব্যবহার করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।

কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয় প্রশাসন, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক, সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এলাকাভিত্তিক কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের চিহ্নিত করার ক্ষেত্রে সতর্কতা ও মানবিকতা বজায় রাখতে হবে। পাশাপাশি স্কুলে উপস্থিতি, ঝরে পড়ার হার, বুলিং, সহিংসতার ঘটনা এবং পুনর্বাসন কর্মসূচির অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিশোর গ্যাং সমস্যাকে কেবল আইনশৃঙ্খলার সংকট হিসেবে দেখলে চলবে না। এটি মূলত একটি সামাজিক, পারিবারিক, শিক্ষাগত ও নৈতিক সংকট। অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, কিন্তু অপরাধে জড়িয়ে পড়া কিশোরদেরও চিরস্থায়ীভাবে প্রত্যাখ্যান করা উচিত নয়। তাদের ভুল থেকে ফিরে আসার সুযোগ দিতে হবে। কারণ একটি কিশোরকে অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা মানে শুধু একটি জীবন রক্ষা করা নয়, বরং একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা।

আজকের কিশোরদের হাতে অস্ত্র নয়, বই তুলে দিতে হবে; আধিপত্যের শিক্ষা নয়, নেতৃত্বের ইতিবাচক চর্চা শেখাতে হবে; প্রতিশোধের সংস্কৃতি নয়, সহমর্মিতা ও মানবিকতার মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সম্মিলিতভাবে এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা সম্ভব। আমাদের মনে রাখতে হবে, কিশোররা দেশের বোঝা নয়, তারাই দেশের সবচেয়ে বড় সম্ভাবনা। সেই সম্ভাবনাকে অপরাধের অন্ধকারে হারিয়ে যেতে না দিয়ে জ্ঞান, মানবিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমের আলোয় বিকশিত করাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

লেখক : সহযোগী অধ্যাপক
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা
[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    অনুরোধের পরও গতি কমাননি চালক, বাস উল্টে প্রাণ গেল ৩ জনের

    অনুরোধের পরও গতি কমাননি চালক, বাস উল্টে প্রাণ গেল ৩ জনের