এবং

পৃথিবীতে এমন কিছু নেই, যা কেনাবেচার বাইরে। গ্রামের হাটে শাকসবজি থেকে শুরু করে গরু-ছাগল, শহরের শপিং মলে পোশাক, জুতা কিংবা বিলাসবহুল সামগ্রী— সবকিছুরই বাজার রয়েছে। এমনকি মানুষের শ্রম বিক্রির জন্যও রয়েছে নির্দিষ্ট স্থান। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কিছুর বাজার থাকলেও মানুষ বিক্রির জন্য কোনো হাট নেই কেন?
বিক্রি হলে কি আমি আমাকে বিক্রি করে দিতাম? দিলে কত টাকায়? আচ্ছা, আমি বিক্রি হয়ে গেলে ক্রেতা আমাকে নিয়ে কী করতেন? এসব আজব ভাবনা আমাকে তাড়া করে মাঝেমধ্যে। আমার ভাবনার সঙ্গে যোগ হলো বাসে দুই যাত্রীর আলাপচারিতা। একজন বললেন, ‘ভাই আর কইয়েন না, মানুষের বিবেক আর বিবেক নাই, দ্যাখেন না দুনিয়ার কী হালহকিকত।’ অন্যজন, ‘হ ভাই, টাকার খেলা শুধু, মানুষ সব বেইচা দেয় টাকার কাছে, পারলে নিজেরেও বেইচা দেয়।’
তাদের দুজনের আগের কথাগুলো আমি শুনিনি। তবে তারা দেশ নিয়ে উদ্বিগ্ন। সব কথা না শুনলেও এটুকুই যথেষ্ট ছিল আমার জন্য। আসলেই মানুষ নিজেকে বিক্রি করে প্রতিনিয়ত এবং কেউ কেউ খুব সস্তায় বিক্রি করে।
শুনতে অদ্ভুত মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে গভীর এক বাস্তবতা। কারণ মানুষ শুধু শরীর দিয়ে তৈরি নয়, মানুষের রয়েছে মন, বিবেক, আত্মসম্মান, নীতি, আদর্শ এবং অনুভূতি। তাই মানুষকে কোনো পণ্যের মতো বাজারে তুলে বিক্রি করা যায় না। কিন্তু বাস্তবতা হলো, মানুষ প্রতিনিয়ত বিক্রি হচ্ছে— কখনো অর্থের কাছে, কখনো স্বার্থের কাছে, কখনো ক্ষমতার কাছে, আবার কখনো ভালোবাসার কাছে।
কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য বন্ধুত্ব বিক্রি করে, কেউ অর্থের বিনিময়ে বিবেক বিসর্জন দেয়। কেউ সামান্য স্বীকৃতি পাওয়ার আশায় নিজের নীতি-আদর্শের সঙ্গে আপস করে। অথচ এসব বিক্রির কোনো রসিদ থাকে না, কোনো নির্দিষ্ট মূল্য থাকে না, থাকে শুধু ভেতরে জমে থাকা কিছু প্রশ্ন আর অনুশোচনা।
তবে সবকিছু ত্যাগ করাই বিক্রি হয়ে যাওয়া নয়। ভালোবাসার জন্য ত্যাগ, পরিবারের জন্য দায়িত্ব পালন কিংবা প্রিয় মানুষের পাশে দাঁড়ানো কখনোই দুর্বলতা নয়। বরং এগুলো মানুষের মহৎ গুণ। স্বার্থের জন্য অন্যের বিশ্বাস ভাঙা কিংবা সুবিধার জন্য নিজের বিবেককে অস্বীকার করতে হয়, তখনই প্রশ্ন ওঠে— এভাবে বিক্রি হওয়া কি সত্যিই ঠিক?
আমার মনে হয়, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আত্মসম্মান ও বিবেক। পৃথিবীর সবকিছুর দাম নির্ধারণ করা সম্ভব হলেও এই দুটি জিনিসের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। কারণ, টাকা দিয়ে হয়তো মানুষের সময় কেনা যায়, শ্রম কেনা যায়; কিন্তু তার প্রকৃত বিশ্বাস, ভালোবাসা কিংবা সততা কেনা যায় না।
তাই মানুষ বিক্রির হাট না থাকলেও মানুষের বিবেক বিক্রির বাজার প্রতিনিয়ত বসছে। সেই বাজারে ক্রেতা-বিক্রেতা দুজনই মানুষ। শুধু পার্থক্য হলো, সেখানে পণ্য হিসেবে বিক্রি হয় মানুষের মনুষ্যত্ব। আর সবচেয়ে দুঃখের বিষয়, অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে না যে সে কখন অন্যের কাছে বিক্রি হয়ে গেছে।



