সুতরাং

গ্রাফিকস: আগামীর সময়
দেশে মব সহিংসতা, রাজনৈতিক সংঘর্ষ এবং আইনশৃঙ্খলার অবনতির সাম্প্রতিক চিত্র স্পষ্ট করে দিচ্ছে— আইনের শাসন দুর্বল হলে সমাজে বিচারবহির্ভূত সংস্কৃতি মাথাচাড়া দিয়ে ওঠে। সুতরাং আইন নিজের হাতে নয়, আইনের হাতেই বিচার হোক। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) জুন মাসের পর্যবেক্ষণ বলছে, মব সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা আগের মাসের মতো থাকলেও আহতের হার বেড়েছে ৭৭ শতাংশ। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা দ্বিগুণের বেশি এবং আহতের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। চোর বা ছিনতাইকারী সন্দেহ, গুজব কিংবা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়। অনেক ক্ষেত্রে নিরপরাধ মানুষও এই সহিংসতার শিকার হচ্ছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার করার একমাত্র বৈধ কর্তৃত্ব আদালতের। জনতার ক্ষোভ বা সন্দেহ কখনোই আইনি প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। সুতরাং, মব সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা, গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জবাবদিহির আওতায় আনাই এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।




