‘জুজুৎসু কাইসেন’-এর ফ্যান অ্যানিমেশন ঘিরে ভক্তদের উচ্ছ্বাস

‘জুজুৎসু কাইসেন’-এর ফ্যান অ্যানিমেশন। ছবি: ভিডিও থেকে নেওয়া
জনপ্রিয় অ্যানিমে জুজুৎসু কাইসেন অবলম্বনে ভক্তদের তৈরি ‘গোজো ভার্সেস সুকুনা’ অ্যানিমেশন ব্যাপক আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অ্যানিমেটর ফাইমাজ ও তার দলের নির্মিত প্রায় আট মিনিটের এই অ্যানিমেশনটি গত ১৭ জুলাই প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। এটিকে জুজুৎসু কাইসেন নিয়ে নির্মিত সেরা ফ্যান অ্যানিমেশনগুলোর একটি বলে উল্লেখ করছেন অনেকেই।
অসাধারণ গতিময় ফাইট সিন, সিনেমাটিক উপস্থাপনা এবং সূক্ষ্ম কারিগরি দক্ষতার কারণে অ্যানিমেশনটির বিভিন্ন অংশ দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্পূর্ণ অ্যানিমেশনটি প্রকাশ করা হয়েছে ফাইমাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
অ্যানিমেশনটিতে শিনজুকু শোডাউন পর্বের বহুল প্রতীক্ষিত গোজো ও সুকুনার লড়াইকে জীবন্ত করে তোলা হয়েছে। এতে গোজোর বিখ্যাত ‘ব্ল্যাক ফ্ল্যাশ’, ডোমেইন অ্যাটাকের সময় ‘রিভার্স কার্সড টেকনিক’ ব্যবহার করে ক্ষত সারিয়ে তোলার দৃশ্য এবং লড়াই শেষে সুকুনার বিজয়-সংলাপও তুলে ধরা হয়েছে।
অ্যানিমেটররা বলছেন, পুরো অ্যানিমেশনটি শেষ করতে সময় লেগেছে প্রায় এক বছর। পুরো কাজেই ব্যবহার করা হয়েছে মৌলিকভাবে, ব্যবহার করা হয়নি কোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি।
জুজুৎসু কাইসেন, সংক্ষেপে জেজেকে, গেগে আকুতামির তৈরি জাপানের জনপ্রিয় ডার্ক ফ্যান্টাসি মাঙ্গা ও অ্যানিমে সিরিজ।




