ঢাবিতে শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি

ফেসবুক লাইভের জন্য এক ব্যক্তির হাতে মোবাইল ফোন দেন ব্যারিস্টার আরমান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে এসে মোবাইল ফোন খুইয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ঘটে এ ঘটনা। পরে রাজধানীর শাহবাগ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি উজ্জীবিত রাখতে বটতলায় ‘জুলাই প্রদর্শনী’র আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। এতে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভের জন্য উপস্থিত এক ব্যক্তির হাতে মোবাইল ফোনটি দেন ব্যারিস্টার আরমান। কিছুক্ষণ পর লাইভ চলা অবস্থাতেই ফোনটি নিয়ে চলে যান ওই ব্যক্তি। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির জানান, গলায় কার্ড ঝুলানো এক ব্যক্তিকে লাইভ সম্প্রচারের দায়িত্ব দিয়েছিলেন ব্যারিস্টার আরমান। তিনি ভেবেছিলেন, ওই ব্যক্তি আয়োজকদের একজন। পরে জানা যায়, তিনি আয়োজক দলের কেউ নন। ধারণা করা হচ্ছে, ডেকোরেশনের কাজে যুক্ত ছিলেন ওই ব্যক্তি।
মাহির আরও জানান, ঘটনার পরপরই ব্যারিস্টার আরমানের সঙ্গে শাহবাগ থানায় যান তিনি এবং সেখানে জিডি করা হয়।
শাহবাগ থানার এএসআই জুয়েল মজুমদার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে মোবাইল চুরির সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।




