মমির পেটে হোমারের ‘ইলিয়াড’

প্রদর্শিত ছবিতে হোমারের মহাকাব্য ‘ইলিয়াড’-এর প্যাপিরাস-খণ্ড
প্রত্নতাত্ত্বিকরা একটি প্রাচীন মিসরীয় মমির উদরের ভেতর থেকে হোমারের মহাকাব্য ‘ইলিয়াড’-এর প্যাপিরাস-খণ্ড উদ্ধার করেছেন। এই প্রথম কোনো গ্রিক সাহিত্যগ্রন্থ ‘মমিকরণ প্রক্রিয়া’র অংশ হিসেবে পাওয়া গেল। গবেষকদের মতে, আবিষ্কারটি প্রাচীন মিসরের অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় জীবন সম্পর্কে নতুন ধারণা দেবে। প্রায় ১,৬০০ বছর আগে রোমান আমলের একটি সমাধিতে অক্সিরিনকাস শহরে সমাহিত এই মমির পেটে প্যাপিরাসে লিখিত এ কাব্য পাওয়া যায়। ফারাও আমলে ‘পের-মেদজেদ’ নামে পরিচিত অক্সিরিনকাস ছিল গ্রিক-রোমান মিসরের অন্যতম প্রধান নগরী। বর্তমান আল-বাহনাসা শহর, যা কায়রো থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণে নীলনদের বাহর ইউসুফ শাখার পাশে অবস্থিত, সেখানেই এই সমাধি। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন প্রাচ্য গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে খননকাজ চালিয়ে মমিটি আবিষ্কার করেন। এই প্রথম কোনো গ্রিক সাহিত্যগ্রন্থ মমিকরণের উপাদান হিসেবে ব্যবহৃত হতে দেখা গেল বলে গবেষকরা উল্লেখ করেছেন। এই আবিষ্কার মমির দেহগহ্বরে প্যাপিরাস ঢুকিয়ে রাখার প্রথা সম্পর্কে নতুন দিশা দেবে গবেষকদের।
বিবিসি অবলম্বনে মাসুম বায়েজীদ




