প্রিয় ৫ বই

গ্রাফিকস: আগামীর সময়
- • ‘চতুরঙ্গ’ উপন্যাস— রবীন্দ্রনাথ
- • কাব্যসংগ্রহ— সুধীন্দ্রনাথ দত্ত
- • সাহিত্যের সত্য— রণজিৎ গুহ
- • কাছে-দূরের কক্ষপথে— কেতকী কুশারী ডাইসন
- • ভারতে মহাভারতে— শিবাজী বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথের ‘চতুরঙ্গ’ উপন্যাস
এটা, আমাদের সামনে, চারটি চরিত্রের ভেতর দিয়েই জীবনের এক গভীর ও তাৎপর্যময় বিস্তৃতিকে প্রতিভাসিত করে। শচীশের অনবদ্য অস্থির বিবর্তনের পাশে দামিনীর বিদ্যুৎপ্রভ উপস্থিতি আর শ্রীবিলাসের নিঃশব্দ দার্শনিক স্থিতির সঙ্গে জ্যাঠামশায়ের উচ্চকিত নাস্তিকতা আমাদের দৃষ্টি-উন্মোচক এক জগতে নিয়ে যায়। পাশাপাশি আমরা দেখতে পাই, নাস্তিকতা-আস্তিকতার তীব্র যুক্তিবিন্যাসকে ছাড়িয়ে শচীশের জীবনের এক বিস্ময়কর উদ্ভাসনকে। দামিনীর মৃত্যু আর শ্রীবিলাসের ট্র্যাজেডি আমাদের বোধের হিমঘরে নিয়ে গেলেও, মানুষের জীবনের এক পূর্ণ রূপকে এখানে তাৎপর্যমণ্ডিত ও বিভাসিত হতে দেখি।
সুধীন্দ্রনাথ দত্তের কাব্যসংগ্রহ
এই মহান কবির কবিতা আমাকে প্রায় পাঁচ দশক ধরে মুগ্ধ আর জিয়নকাঠির স্পর্শে সঞ্জীবনী-শক্তিতে উজ্জীবিত রেখেছে। তার অসামান্য সব প্রেমের কবিতার পাশাপাশি, সেই সময়ের সমাজমানসের অনবদ্য সব নির্মাণ ‘নিরবধি কাল আর বিপুলা এ পৃথ্বী’ প্রবহমান রাখবে— এ উচ্চারণ সংশয়হীনভাবে করা যেতে পারে। রবীন্দ্রনাথেরই প্রতিস্পর্ধী হতে পারতেন তিনি, এমন কথা তো বুদ্ধদেব বসুর ভূমিকাতেই একটু ঘুরিয়ে বলা আছে এই গ্রন্থে। তিনি, তার সময়ের উজ্জ্বলতম প্রতিনিধি, সন্দেহাতীতভাবে। তিনিই আমার প্রিয়তম কবি।
সাহিত্যের সত্য: রণজিৎ গুহ
দেশ-বিদেশের নানা ইতিহাসের পাশাপাশি এখানে লেখক সাহিত্যের সব মহাকালের লেখকদের নিয়ে আলোচনা করেছেন। তার সাক্ষাৎকার পর্বের এক জায়গায় রবীন্দ্রনাথ সম্পর্কে করা এক মন্তব্য এরকম— ‘রবীন্দ্রনাথকে তুমি বাদ দেবে কী করে? একজন মহাকবি।’ তবে বঙ্কিম নিয়ে তার মুগ্ধতা অনেক বেশি। অসামান্য সব দৃষ্টি-উন্মোচক প্রবন্ধ আর কথাবার্তার সমাহার এ বই।
কাছে-দূরের কক্ষপথে: কেতকী কুশারী ডাইসন
একগুচ্ছ ছোট-দীর্ঘ-নাতিদীর্ঘ প্রবন্ধের সংকলন এটি। তার প্রবন্ধের মুগ্ধ পাঠক আমি ছাত্রজীবন থেকেই। তার যুক্তিবিন্যাস ও সেসবের প্রাখর্যে আমি বারবার বিস্মিত হয়েছি। তার ভাষার ঋজুতা আর চিন্তার স্বচ্ছতার পাশাপাশি অনায়াস স্বাচ্ছন্দ্য মুগ্ধতা জাগায়। তার বিষয় নির্বাচন গুরু ও গূঢ় হলেও ভাষা-ব্যবহারে কোনো আবিলতা নেই। আগাগোড়াই গভীর ও মননঋদ্ধ তার সব লেখা।
ভারতে মহাভারতে: শিবাজী বন্দ্যোপাধ্যায়
এটিও একটি আশ্চর্য দ্যুতিময় প্রবন্ধ সংকলন। এখানেও আছে চার পর্বে বিন্যস্ত বেশ কিছু অসামান্য প্রবন্ধের মহাজোট। অনেক জটিল আর গভীর বিষয়ে লেখকের আলোচনা বিমূঢ় করে দেয় মাঝেমধ্যে। চেতনার উজ্জীবন ও উত্তেজনা জাগায়। ভারত-গঠনের মহাকারিগরদের কয়েকজনকে নিয়ে আলোচনা তো আছেই, মহাভারতের গীতার এক শ্লোক নিয়ে তার অসামান্য ইতিহাস-খননকারী বিশ্লেষণ দারুণ সমীহ-জাগানিয়া।



